খাদ্যসহ জরুরি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণবহর সিরিয়ায় সরকারি বাহিনীর অবরোধে থাকা চারটি এলাকায় পৌঁছেছে। জাতিসংঘ ও ত্রাণ সংস্থার বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, ত্রাণবাহী ট্রাকগুলো বুধবার বিদ্রোহীদের দখলে থাকা দামেস্কের কাছে মুআদমিয়া ও মাদায়া এবং উত্তরাঞ্চলীয় সরকারপন্থিদের দুটি গ্রাম ফোয়া ও কেফ্রায়ায় পৌঁছেছে। অপর শহর জাবাদানিতেও ত্রাণ যাচ্ছে। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো গেল সপ্তায় সিরিয়ায় ‘অস্ত্রবিরতি’ এবং দেশটিতে বৃহত্তর পরিসরে ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যাপারে সম্মত হয়। এই ত্রাণ সহায়তা সেই সমঝোতারই অংশ।
খাদ্য, চিকিৎসা সামগ্রী, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপাতি বোঝাই প্রায় ১০০ ট্রাক বুধবার দিনের প্রথম ভাগে দামেস্ক ছেড়ে যায়। সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, অতি প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের জন্য মরিয়া হয়ে উঠেছেন সিরিয়ার অনেক নাগরিক। মোওহান্নাদ আল আসাদি বিবিসিকে বলেন, কেফ্রায়া এবং ফোয়ার মানুষেরা তাদের পানির পাম্পগুলো চালুর করতে ডিজেলের জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাদের পানি প্রয়োজন।চলতি সপ্তার শেষদিকে কাফর বাতনা এবং দির আল-জোওরেও ত্রাণ সহায়তা পাঠানো হবে।
IMG0
এর আগে সিরিয়া সরকার অবরুদ্ধ সাতটি এলাকায় জাতিসংঘের মানবিক ত্রাণবহরকে ঢোকার অনুমতি দেয়। সরকারি অনুমোদন পাওয়ার পর দ্রুতই ত্রাণ নিয়ে হাজির হয়েছে সংস্থাগুলো। জাতিসংঘ বলছে, সিরিয়ায় সরকারি বাহিনী যে সাতটি এলাকা ঘেরাও করে রেখেছে সেখানে প্রায় পাঁচলাখ মানুষ বাস করছেন। রুশ বিমান হামলার সহায়তায় সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনী দেশটিতে হাতছাড়া হওয়া বিভিন্ন অঞ্চলে ক্রমশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। তবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যাপক হারে বেসামরিক মানুষ নিহত হওয়া নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। বিবিসি।
