বিশ্বজিৎ হত্যা: কিবরিয়ার জামিন আপিলে স্থগিত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩২
 
পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি এ এইচ এম কিবরিয়াকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
 
বেঞ্চের অন্য সদস্যরা হলেন-বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
 
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিেক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দায়েরকৃত মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিচারিক আদালত আটজনকে ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
 
এই মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি কিবরিয়া আবেদন করলে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে জামিন দেয়। এই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে ১৪ ফেব্রুয়ারি জামিন স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠায়। আজ শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেয়া স্থগিতাদেশ বহাল রাখে।
 
শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও এম আমিনুদ্দিন শুনানি করেন।