দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে জেরার দিন ধার্য করা হয়েছে। আগামী ৩ মার্চ এই দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করেছেন তার আইনজীবী আমিনুল ইসলাম। পুরান ঢাকার বকশি বাজারস্থ আলিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এ জেরা করা হয়।
মুন্নার পক্ষে জেরা শেষে মামলার অপর আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে জেরার জন্য সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৩ মার্চ পরবর্তী জেরার জন্য দিন ধার্য করেন।
গত ৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়। খালেদা জিয়ার পক্ষে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল আব্দুর রেজ্জাক খান জেরা করেন।
বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে শারীরিক অসুস্থতার কারণে বেগম জিয়া আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে তদন্ত কর্মকর্তাকে জেরা করার আদেশ দেন।
