পরকীয়ার জেরে সন্তানের মৃত্যু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫১
স্বামীর পরকীয়ার জেরে পারিবারিক কলহে শিশু সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করতে ব্যর্থ হলেও শিশুটি মারা গেছে। বুধবার রাতে পিরোজপুর শহরের সিআইপাড়া মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে ওই বাড়ির বাসিন্দা ইজিবাইক চালক কামাল মোল্লার (২৬) স্ত্রী জায়েদা (২০) আত্মহত্যার চেষ্টায় ইঁদুর মারার বিষ খেয়ে ছেলে তামিমকেও তা খাওয়ান। কামাল বিষয়টি টের পেয়ে রাতেই জেলা সদর হাসপাতালে স্ত্রী-সন্তানকে ভর্তি করান। বৃস্পতিবার ভোর পাঁচটার দিকে শিশুটি মারা যায়। পুলিশ এ ঘটনা জানতে পেয়ে হাসপাতালে জায়েদাকে হেফাজতে রেখেছে।
অসুস্থ জায়েদা জানান, কামাল ছয় বছর আগে তাকে যশোর থেকে বিয়ে করে পিরোজপুরে আনেন। বুধবার রাতে স্বামীর সঙ্গে তাহমিনা নামে এক নারীর সম্পর্কের কথা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে কামাল স্ত্রী জায়েদাকে মারধর করে। এ ঘটনায় অভিমান করে তিনি শিশু ছেলেসহ বিষ খেয়ে মরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদউজ্জামান জানান, এ ঘটনায় জায়েদার বিরুদ্ধে ছেলে হত্যা ও কামালের বিরুদ্ধে পরকীয়ার দায়সহ বিভিন্ন অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।