শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৫
 
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অরক্ষিত নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এই ক্ষতিপূরণের পরিমাণ কতো হবে তা পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলে জানা যাবে।
 
বৃহস্পতিবার এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী রেজাউল হক আকন্দের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
 
আদালত বলেছে, এই ঘটনায় জন্য যেসব প্রতিষ্ঠান দায়ী তাদের দায়িত্বে অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
 
রায়ে রাজধানীতে যেসব অরক্ষিত নলকূপ ও ড্রেনেজ লাইন রয়েছে তার একটি তালিকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেয়ার জনব্য নির্দেশ দেয়া হয়েছে।
 
আদালত বলেছে, এই ধরনের শিশু মৃত্যুর ঘটনা রোধে কোর্ট নীতিমালা প্রকাশ করবে।
 
২০১৪ সালের ২৬ ডিসেম্বর  শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েকশ ফুট গভীর একটি নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানে ক্যামেরা নামিয়েও ফায়ার সার্ভিস কোনো মানুষের ছবি না পাওয়ায় পাইপে জিহাদের অস্তিত্ব থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপর উদ্ধার অভিযান স্থগিতের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিট পর কয়েকজন তরুণের তত্পরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে উঠে আসে অচেতন জিহাদ। হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
এই ঘটনায় এক রিট আবেদনের শুনানি করে গত বছর জিহাদের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জনতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। আজ রুলের চূড়ান্ত শুনানি নিয়ে শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হয়।