মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির কথিত শীর্ষ নেতা রেনিন সুর বিরুদ্ধে একটি মামলায় আগামী ৪ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি হবে।
রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ সামসুদ্দিন খালেদ বৃহস্পতিবার এ আদেশ দেন। আসামির আইনজীবী উথোয়াই মং মারমা জানান, দুপুরে রেনিন সু ও তার সহযোগী অংনু ইয়ান রাখাইনকে আদালতে হাজির করা হয়। বিদেশি নাগরিক আইনে করা ওই মামলায় আগামী ৪ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন রাখা হয়। পরে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয় বলে জানান আসামির আইনজীবী।
গত বছরের ১৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে রাঙামাটির ইসলামপুর এলাকার একটি নির্মাণাধীন মসজিদ থেকে রেনিন সুকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই সময় ৪১ হাজার ১২০ টাকা, বিভিন্ন ব্যাংকের ছয়টি ক্রেডিট কার্ড, নেদারল্যান্ডসের একটি পাসপোর্ট, একটি ল্যাপটপ ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।
