চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের গান্টিউম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৭
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গড় কার, এমন প্রশ্নে যে কেউ ডন ব্র্যাডম্যানেরই নাম বলবেন। কিন্তু তার ৯৯.৯৪ গড়ের চেয়ে বেশি একজনের ব্যাটিং গড় রয়েছে। তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের গান্টিউম। তার ব্যাটিং গড় ১১২!
 
তবে খেলতে পেরেছিলেন মাত্র একটিই ম্যাচ সেঞ্চুরি করেছিলেন সেটিতেই। জীবনের ইনিংসেও শতকের খুব কাছাকাছি গিয়ে হার মানলেন। বয়স হয়েছিল ৯৫ বছর ২৬ দিন বেঁচে থাকা এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে দীর্ঘজীবী ক্রিকেটার। বুধবার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সান্তা মারিয়াতে  না ফেরার দেশে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার।
 
১৯৪৮ সালে ঘরের মাঠ পোর্ট অব স্পেনে টেস্ট অভিষেক গ্যান্টিউমের। সুযোগ পেয়েছিলেন নিয়মিত ওপেনার জেফ স্টলমেয়ারের চোটে। সেই টেস্টের প্রথম ইনিংসে ১১২ রান করেছিলেন গ্যান্টিউম। কিন্তু সেই ইনিংসে প্রশংসার বদলে সমালোচনাই জুটেছিল বেশি! ক্যারিবিয়ান ক্রিকেটের দর্শনের সঙ্গে বেমানান রকমের ধীরগতির ব্যাটিং করেছিলেন। এক পর্যায়ে অধিনায়ক জেরি গোমেজ বার্তা পাঠিয়েছিলেন একটু চালিয়ে খেলতে। কিন্তু তাতে কান দেননি কিংবা পারেননি গ্যান্টিউম!
 
শাস্তিও মিলেছিল হাতেনাতে। দ্বিতীয় ইনিংসে আর ওপেন করতে পাঠানো হয়নি গ্যান্টিউমকে। ড্র ম্যাচে পরে আর ব্যাটিংই পাননি। পরের টেস্টেই চোট কাটিয়ে ফিরেছিলেন স্টোলমেয়ার। জায়গা ছেড়ে দিতে হয় গ্যান্টিউমকে। আর সেই মন্থর ব্যাটিংয়ের অভিযোগের কারণে আর কোনো দিন সুযোগও হয়নি দলে। অভিষেক টেস্টই তাই তার শেষ টেস্ট!
 
তবে টেস্ট একটি হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রিনিদাদের হয়ে ৫০ টি ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ৫টি শতকে ২ হাজার ৭৮৫ রান করেছেন ৩৪.৮১ গড়ে।