বিচারপতি খায়রুল হক চরম অনৈতিক কাজ করেছেন: মওদুদ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৮
 
অবসরে গিয়ে রায় লেখা ও নিজের ঘোষিত রায় পরিবর্তন করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘খায়রুল হক চরম অনৈতিক কাজ করেছেন। এই গুরুতর অপরাধের জন্য একদিন খায়রুল হককে বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি হতে হবে।’
 
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ‘অবসরের পর রায় লেখা বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের জন্য অশনিসংকেত’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
 
মওদুদ আহমদ বলেন, ‘খায়রুল হক সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর ওপর ২০১১ সালের ১০ মে রায় দেন তাতে বলা হয়েছিল, আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। অবসরে যাওয়ার ১৬ মাস পর যে পূর্ণাঙ্গ রায় দেন তাতে এই অংশটি বাদ দেন।’
 

মওদুদ বলেন, ‘এই রায়ের মাধ্যমে বিচারপতি এ বি এম খায়রুল হক শুধু সংবিধানই লঙ্ঘন করেন নাই, তিনি দেশের প্রধান বিচারপতি হয়ে একটি চরম অনৈতিকতার পরিচয় দিয়েছেন। একটি হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য শুধু নিজের বিবেককেই নয়, সারা জাতিকে প্রতারিত করেছেন।’