দ্বিতীয় ধাপের ৬৮৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, এসব ইউপিতে ভোট গ্রহণ হবে আগামী ৩১ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ। আপিল দাখিল ৭ থেকে ৯ মার্চ। ১০ থেকে ১২ মার্চের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৪ মার্চ প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তারা। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ইসির জেলা নির্বাচন কর্মকর্তাদের স্থানীয়ভাবে নির্বাচনী তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করতে নির্দেশনা দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ৭১০টি ইউপির তফসিল ঘোষণার কথা থাকলেও এর মধ্যে আইনগত জটিলতার কারণে ২৬টি বাদ রাখা হয়েছে।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, প্রতিটি ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেউ ইউপি নির্বাচনের পরিবেশ বিঘ্ন সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার প্রজ্ঞাপনের মাধ্যমে ধার্যকৃত নির্বাচনী সময়সূচি সংবলিত প্রজ্ঞাপনটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ১০ অনুসারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নোটিস বোর্ডে, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডে এলাকার গুরুত্বপূর্ণ ও প্রকাশ্য স্থানে এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থানীয়ভাবে টানিয়ে প্রকাশ করবেন।
এবার সারাদেশে ৬ ধাপে ইউপি নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম দফায় ৭৫২ ইউপির বিস্তারিত তফসিল প্রকাশ করে। পরে আইনগত জটিলতার কারণে ওই তালিকা থেকে ১৩টি ইউপিকে বাদ দেয়া হয়। ওই তফসিল অনুসারে প্রথম ধাপের ৭৩৯ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, আপিল দাখিল ২৫ ও ২৭ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ, প্রতীক বরাদ্দ ৩ মার্চ এবং ভোট গ্রহণ ২২ মার্চ।
নির্বাচন কমিশন আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৭১১টি, ৭ মে চতুর্থ ধাপে ৭২৮টি, ২৮ মে পঞ্চম ধাপে ৭১৪টি এবং সর্বশেষ ধাপে ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এসব ধাপের বিস্তারিত তফসিল পরে জানানো হবে।
এদিকে প্রথম ধাপের ইউপি নির্বাচনে এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত করেছে ১৪টি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো হলো— আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি-জাপা, জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি, তরিকত ফেডারেশন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, গণফোরাম, ইসলামী ঐক্যজোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জে্এসডি, ন্যাশনাল পিপলস পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নিবন্ধিত দলগুলোর মনোনীত প্রার্থীর প্রত্যয়ন দেয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা স্বাক্ষর রিটার্নিং অফিসারের কার্যালয়ে ও নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে। ইসির নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দিতে পারবে।
