শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০০:২৫
রাজধানীতে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে ক্ষতিপূরণের পরিমাণ এবং সরকারি কোন সংস্থা ওই অর্থ প্রদান করবে তা পূর্ণাঙ্গ রায়ে বলে দেবে আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন।
 
এদিকে এ ঘটনায় করা মামলা তুলে নিতে ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেছেন জিহাদের বাবা নাসির ফকির। তিনি বলেন, মামলা প্রত্যাহারের জন্য হুমকি আসছে। পুলিশের কাছে তিনি নিরাপত্তা দাবি করেন।
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর নগরীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে মারা যায় চার বছরের শিশু জিহাদ। পরে ওই ঘটনায় সরকারি সংস্থাগুলোর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে শিশুর পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে রিট করে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন। হাইকোর্ট ক্ষতিপূরণ প্রদান প্রশ্নে রুল জারি করে। আবেদনের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অরক্ষিত ও উন্মুক্ত গভীর নলকূপের পাইপ, কূপ, স্যুয়ারেজ পাইপ, গর্ত এবং ঢাকনা বিহীন ম্যানহোলের তালিকা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, জিহাদের মৃত্যুর ঘটনায় তার পিতা নাসির ফকির শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। গত ৭ এপ্রিল এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।