বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের ‘সামরিকীকরণ’ বৃদ্ধি পাওয়া নিয়ে ওয়াশিংটন গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দক্ষিণ চীন সাগরের একটি দ্বীপে চীনের ভূমি থেকে আকাশে উেক্ষপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করার খবরের প্রতিক্রিয়ায় তিনি এমন কথা বলেন। এদিকে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরকে ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে চীন।
চীন, তাইওয়ান ও ভিয়েতনাম—তিনটি দেশই দক্ষিণ চীন সাগরের ওই দ্বীপ এলাকাটির মালিকানা দাবি করে থাকে। আর সে কারণে দ্বীপটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরে বিরোধপূর্ণ দেশগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি ইমেজস্যাট ইন্টারন্যাশনালে ধারণ করা ছবিতে দেখা যায়, গত ৩ ফেব্রুয়ারি দ্বীপটি ফাঁকা থাকলেও ১৪ ফেব্রুয়ারি সেখানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উেক্ষপণকারী যন্ত্র দেখা গেছে। জন কেরির এক মুখপাত্র জানান, চীন যে উডি কিংবা ইয়ংজিং দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তা স্যাটেলাইট ছবি যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে।
ওই খবরের প্রতিক্রিয়ায় কেরি জানান, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা করতে চায়। তিনি বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে যে প্রতিদিন ওই এলাকায় সামরিকীকরণ চলছে। এটি খুবই উদ্বেগের বিষয়’। তবে ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরকে নাকচ করে দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেন, এটি একটি ‘গুজব’ এবং এই খবরগুলো পশ্চিমা মিডিয়ার তৈরি।
