ঝাড়খন্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ মাওবাদী নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৫
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে গতরাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে এক বন্দুকযুদ্ধে এক নারীসহ ৪ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।খবর বার্তা সংস্থা এএফপি'র।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ৪০ সদস্যের বিদ্রোহীদের একটি দল পুলিশকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায়। রাজ্যের রাজধানী রাঁচির কাছে অবস্থিত তাইমারা ঘাঁটি উপত্যকা এলাকার একটি গ্রামে এ হামলা চালানো হয়। উভয়পক্ষের মধ্যে এ সময় ৯ ঘন্টা ধরে প্রচ- বন্দুকযুদ্ধ চলে।
 
শুক্রবার সকালে বন্দুকযুদ্ধ শেষ হয়। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করেছে। রাঁচির পুলিশ প্রধান কুলদীপ দ্বিবেদী বলেন, ‘অন্য বিদ্রোহীরা পালিয়ে গেছে। কিন্তু আমরা তাদের সন্ধানে তল্লাশী অভিযান চালাচ্ছি।’ এই ঘটনায় আধাসামরিক বাহিনীর দুই সদস্যও আহত হয়েছে।
 
১৯৬০ এর দশক থেকে মাওবাদীরা তাদের তৎপরতা শুরু করে। এটি ভারতের কোন বিদ্রোহী গোষ্ঠীর দীর্ঘকালীন তৎপরতা। বিদ্রোহী দলটি চীনের বৈপ্লবিক নেতা মাও সে তুংয়ের আদর্শে অনুপ্রাণিত।