আইভরি কোস্টে সাবেক প্রেসিডেন্ট হত্যা: সেনা কর্মকর্তার যাবজ্জীবন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৫
আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট রবার্ট গুইকে হত্যার দায়ে দেশটির সামরিক বাহিনীর তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার একটি সামরিক ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে। রায়ে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
 
১৯৯৯ সালে আইভরি কোস্টে এক সামরিক অভ্যুত্থানের পর গুইকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয়। কিন্তু একবছর পর অনুষ্ঠিত নির্বাচনে তিনি লরেন্ট বাগবোর কাছে পরাজিত হন। ক্ষমতা ছাড়ার দুবছর পর ২০০২ সালের একদিন বাণিজ্যিক রাজধানী আবিদজানের একটি রাস্তার পাশে গুইয়ের বুলেটে ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এ সময় দেশটিতে আরেকটি অভ্যুত্থান প্রচেষ্টা চলছিল।
 
এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক হানাহানি চলার পর আইভরি কোস্ট এখন একটি মীমাংসা প্রক্রিয়ার ভিতর দিয়ে অতীতের বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করছে।
 
শাস্তি পাওয়া ওই তিন শীর্ষ সামরিক কর্মকর্তা সাবেক প্রেসিডেন্ট বাগবোর ঘনিষ্ঠ ছিলেন। এরা হলেন: রিপাবলিকান গার্ডের কমান্ডার ডোগবো ব্লি, জ্যানডাম ক্যাপ্টেন আনসেলমি সেকা ইয়াপো এবং আরেক কর্মকর্তা সেরি দালেবা। এছাড়া ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরো অন্তত পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। সূত্র: রয়টার্স