এবার যুক্তরাজ্যে আত্মহত্যা ঠেকাবে ফেসবুক টুল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৩
সময়ে সময়ে প্রযুক্তি উন্নত থেকে উন্নততর হচ্ছে, বাড়ছে বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যমের সংখ্যা। কিন্তু কিছুতেই কমছে না মানুষের ব্যক্তিক নিঃসঙ্গতা। এতে হতাশাগ্রস্ত মানুষ বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। যার দরুন বিশ্বব্যাপী আত্মহত্যার হারও বেড়েই চলেছে। এই সমস্যা সমাধানে এবার এগিয়ে আসে ফেসবুক।
 
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে যোগ করা হয় আত্মহত্যা প্রতিরোধক টুল। এটি আত্মহত্যা উন্মুখ মানুষকে বেঁচে থাকার ইতিবাচক দিক দেখিয়ে আত্মহত্যা বিমুখ করবে।
 
টুলটি বছর খানেক আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। এবার তা যুক্তরাজ্যের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সূত্র- বিবিসি ও গার্ডিয়ান।
 
অনলাইনে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন বিভিন্ন গ্রুপ ফেসবুকের এই উদ্যোগকে নতুন করে স্বাগত জানিয়েছে।
 
নতুন টুলটি দিয়ে মানসিকভাবে ভেঙে পড়া ব্যবহারকারীদের কাছে ঘুরে দাঁড়ানোর মতো ক্ষুদে-বার্তা বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাঠানো হবে।
 
এ ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, টুলটির মাধ্যমে বিশেষজ্ঞদের দিয়ে আত্মহত্যা উন্মুখ ব্যবহারকারীদের কার্যকর পরামর্শ দেয়া হবে।