নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা কেশবপুর গ্রামে বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা আমজাদ হোসেন (৪৩) নামের এক যুবককে গুলি করে এবং পিটিয়ে হত্যা করেছে। আমজাদ কেশবপুর গ্রামের মনগাজী ভূঁইয়া বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। নিহত আমজাদ আমিশাপাড়া ইউনিয়নের নোয়াগাঁও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আমজাদ গত কয়েক বছর থেকে ঢাকা বসবাস করতেন। তার বিরুদ্ধে মামলা থাকায় হাজিরা দিতে গত বুধবার তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমজাদ তার বাড়ির সামনে চায়ের দোকানে আসলে ৪/৫ অস্ত্রধারী আততায়ী তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার পা সহ শরীরে বিভিন্ন স্থানে গুলি করে এবং পিটিয়ে হত্যা করে। পরে তার লাশ দানপুর তুলাছারায় ফেলে চলে যায়।
এলাকাবাসী আমজাদের লাশ দেখে থানায় খবর দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক বাবলু জানান, রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়েছে।
তবে নিহত আমজাদের পরিবার বলছে, আমজাদ এক সময় যুবদল করলেও বর্তমানে সে রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।
আরো পড়ুন: ভাঙ্গা বেঞ্চ ও মাটিতে বসেই চলছে পাঠদান
সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুস সামাদ জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে। সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলেছে।
ইত্তেফাক/অনি
