সৌদি আরবে আগামী ১৩ বছরের মধ্যে ভূগর্ভস্থ পানির মজুদ শেষ হয়ে যাবে বলে সতর্ক বার্তা দেয়া হয়েছে। দেশটির আল-ওয়াতান অ্যারাবিক পত্রিকার বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট এই তথ্য জানিয়েছে।
বাদশা ফয়সাল বিশ্ববিদ্যালয়ের এক অনুষদের সদস্য মোহম্মদ আল-ঘামদি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বব্যাংক একটি প্রতিবেদনে বিশ্ব জুড়্থে পানির সংকটের তথ্য তুলে ধরার পর থেকে ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে।
সৌদি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে জনপ্রতি পানি ব্যবহারের হার অনেক বেশি হওয়ায় পানি দ্রুত কমে যাচ্ছে। সৌদি আরবে জনপ্রতি প্রতিদিন ২৬৫ লিটার পানি ব্যবহূত হয়, যা ইউরোপের তুলনায় দ্বিগুণ।
আল-গামদি বলেন, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হিসাবে দেখা গেছে, কৃষি এলাকায় পানির স্তর মারাত্মকভাবে নেমে গেছে।
দ্য নিউ আরব জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলের পানি ও লেকগুলো শুকিয়ে বালির গর্তে পরিণত হয়েছে।
সৌদি আররে ভূগর্ভস্থ পানি ও পরিশোধনের মাধ্যমে সাগরের পানি ব্যবহার করা হয়। কিন্তু সাগরের পানি পরিশোধনে প্রচুর জ্বালানি খরচ হয়। ভূগর্ভস্থ পানির মাধ্যমেই সৌদি আরবের ৯৮ শতাংশ চাহিদা পূরণ হয়।
