শিশুদের ব্যাপক হারে আত্মঘাতী মিশনে ব্যবহার করছে আইএস

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩১
বিপুল সংখ্যক শিশুকে দলে ভিড়িয়ে তাদেরকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। নজিরবিহীন হারে শিশুদেরকে যুদ্ধে নামাচ্ছে তারা। যুদ্ধ করতে গিয়ে আত্মঘাতী হামলা চালানোসহ আরও নানাভাবে মারা যাচ্ছে শিশুরা।
 
আইএস এর হয়ে যুদ্ধ করতে গিয়ে গতবছর ৮ থেকে ১৮ বছর বয়সী ৮৯ জন শিশু নিহত হয়েছে। এ সংখ্যা আগের আনুমানিক হিসাবের প্রায় দ্বিগুণ, বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আইএস এর প্রচার এবং যোদ্ধা সংগ্রহ করা নিয়ে ১৩ মাস গবেষণার পর এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। গবেষণায় আরও দেখা গেছে, ২০১৪ সালের তুলনায় এর পরের বছর আইএস এর শিশুযোদ্ধার সংখ্যা ছিল তিনগুণ বেশি।
 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘কমব্যাটিং টেরোরিজম সেন্টার অ্যাট ওয়েস্ট পয়েন্ট’ প্রতিবেদনটির তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের  জানুয়ারি পর্যন্ত ৩৯ শতাংশ ছেলে শিশু আত্মঘাতী গাড়িবোমা হামলা মিশনে এবং ৩৩ শতাংশ শিশু লড়াই করতে গিয়ে নিহত হয়েছে। এমনভাবে আরও অনেক শিশুও নিশ্চয়ই নিহত হয়েছে বলে জানান প্রতিবেদনটির একজন কো-অথার চার্লি উইন্টার। আইএস নিহত শিশুদের আসল নাম এবং বয়স না জানালেও গবেষকরা তাদের বয়স এবং জাতীয়তা নির্ধারণ করতে পেরেছেন। তাদের ধারণা, নিহত শিশুদের ৬০ শতাংশেরই বয়স ১২ থেকে ১৬’র মধ্যে। আর ৬ শতাংশের বয়স ৮ থেকে ১২’র মধ্যে।
 
প্রতিবেদনে শিশুদের ইরাক এবং সিরিয়ায় মধ্যকার অভিযানে অংশ নেওয়ানোর বিষয়টি প্রকাশ পেয়েছে। অর্ধেকেরও বেশি শিশু নিহত হয়েছে ইরাকে। তবে নিহত শিশুদের বেশির ভাগই সিরীয়। এ থেকে বোঝা যায়, আইএস সিরিয়ায় শিশুদেরকে প্রশিক্ষণ দিতে পারে এবং তাদেরকে ইরাকেও পাঠাতে পারে। নিহত অন্যান্য শিশুরা হচ্ছে ইয়েমেন, সৌদি আরব, তিউনিসিয়া এবং লিবিয়ার। এছাড়া, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং নাইজেরিয়ারও কিছু শিশু আইএস এর হয়ে যুদ্ধে নিহত হয়েছে। বিবিসি।