মিসরে অপরাধী পুলিশদের জন্য কঠিন শাস্তি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৫
 
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, নতুন আইনে মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশ সদস্যদের কঠিন শাস্তি বিধান রাখা হয়েছে। আর এটি ঘটনার ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কায়রোতে ভাড়া নিয়ে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে একজন ট্যাক্সিচালক নিহত হওয়ার পর সিসি এই হুঁশিয়ারি দিলেন।
 
মিসরে পুলিশদের সহিংস আচরণের অভিযোগ এনে সম্প্রতি অনেক মামলা দায়ের করা হয়েছে।
 
সিসির কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদেল গাফফারকে পুলিশের এ ধরনের সহিংসতা ও নিষ্ঠুর আচরণ বন্ধ করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
 
শুক্রবার ভাড়া নিয়ে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে মোহাম্মেদ আলী সাইদ ইসমাইল নামের এক ট্যাক্সিচালক নিহত হন। তার লাশ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে জনতা।