কমলগঞ্জে আগুনে স’মিলসহ ১১ দোকান ভস্মীভূত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৮
মৌলভীবাজারে কমলগঞ্জে অগ্নিকাণ্ডে একটি স’মিলসহ ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে । শুক্রবার দিবাগত রাত ১০টায় রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়ভাবে জানা যায়, চৈত্রঘাট বাজারের জালাউদ্দীনের স’মিলে সৃষ্ট আগুন দ্রুত ছড়িয়ে সংরক্ষিত বেশ কিছু কাঠসহ মেশিন পুড়ে যায়। এছাড়া স’মিল সংলগ্ন আরো ১১টি দোকান ঘর পুড়ে যায়। 
 
চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে কমলগঞ্জ সদর থেকে অগ্নি নির্বাপক দল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। 
 
ঘটনাটি কমলগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন। এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ব্যবসায়ী ওই নেতা জানান।