না খেলে রিও ওপেনের সেমিফাইনালে নাদাল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৫
ইউক্রেনিয়ার প্রতিপক্ষ আলেস্কান্দার ডোলগোপোলোভের বিপক্ষে একটি বলও না খেলে রিও ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা রাফায়েল নাদাল।
 
শেষ আটের লড়াইয়ে ডান কাঁধের ইনজুরির কারণে ডোলগোপোলোভ নাম প্রত্যাহার করে নিলে নাদালের সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়।
 
জুনে দশমবারের মত ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যে ক্লে কোর্টে নিজের ফর্ম ফিরে পাবার তাগিদ এখন নাদালের মধ্যে। ২০১৫ সালের ইনজুরি আক্রান্ত বছর কাটিয়ে ২৯ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড এখন র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছেন। বুয়েন্স আয়ার্সে গত সপ্তাহে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে অস্ট্রিয়ার ডোমিনিক থেইমের কাছে পরাজিত হয়ে হতাশ করেছেন।
 
সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ উরুগুয়ের পাবলো কুয়েভাস। কোয়ার্টার ফাইনালে কুয়েভাস আর্জেন্টাইন ফেডেরিকো ডেলবোনিসকে ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।