লিগ্যাল এইডে মামলা সংখ্যা ও নিষ্পত্তি বাড়ছে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৪
দরিদ্র জনগোষ্ঠিকে আইনগত সহায়তা দিতে দেশের সব জেলায় লিগ্যাল এইড কার্যক্রম শক্তিশালী করায় মামলা সংখ্যা ও মামলা নিষ্পত্তির হার বাড়ছে। সরকারি খরচে আইনগত সহায়তায় গঠিত লিগ্যাল এইডের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করা হয়েছে। নানা সরকারী উদ্যোগের ফলে দরিদ্র বিচারপ্রার্থীরা প্রতিদিনই এ কার্যক্রমের স্মরণাপন্ন হচ্ছে। 
 
ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি সূত্র জানায়, গতবছর প্রায় দুই সহস্রাধিক মামলায় লিগ্যাল এইড দেয়া হয়েছে। ২০১৪ সালে ১৩২৩টি মামলায় লিগ্যাল এইড দেয়া হয়েছে। ১২৪১ জন ব্যক্তিকে আইনগত পরামর্শ দেয়া হয়েছে। মোট ৯৮৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে মামলার এ হার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। পক্ষসমূহের মধ্যে আলোচনার ব্যবস্থা করায় ৯৬টি মামলা আদালতের বাইরে পক্ষগুলো মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। চলতি বছর লিগ্যাল এইড-এ মামলার সংখ্যা ও নিস্পত্তির হার আরো বেড়েছে। 
 
আইন মন্ত্রণালয়ের বিচার শাখা সূত্র জানায়, সরকারী খরচে গত পাচ বছরে ৬০ হাজারেরও বেশী দরিদ্র ব্যক্তিকে আইনগত সহায়তা দেয়া হয়েছে। দিনে দিনে দরিদ্র বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানের হার বৃদ্ধি পাচ্ছে। সরকারীভাবে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ে দরিদ্র জনগোষ্ঠিকে সচেতন করতে নানামুখী প্রচারণা চালানো হচ্ছে। গণমাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। দেশের সব জেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান আইনের অধীনে লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। এ জন্য প্রতিটি আদালতে এ সংস্থার জন্য আলাদা কার্যালয় স্থাপন করা হয়েছে। গরীব, অসহায় বিচার প্রার্থীদের কল্যাণে এ সংস্থা কার্যক্রম পরিচালনা করছে।
 
উল্লেখ্য, আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম ত্বরান্বিত করতে ঢাকায় নিউ বেইলি রোডে এর প্রধান কার্যালয় স্থাপন করে জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়াও যুগ্মজেলা জজ পদমর্যাদার একজনকে উপ-পরিচালক ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ২জনকে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। এ সংস্থায় আরো সহায়ক কর্মচারী রয়েছে। প্রতিটি জেলায় আলাদা জনবল কাঠামোর মধ্যে এ সংস্থা কার্যক্রম পরিচালনা করছে।