বাংলাদেশে প্রথমবারের মতো শুরু বিচ টেনিস

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৯

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে শুরু হয়েছে ‘ওয়ালটন প্রথম বিচ টেনিস টুর্নামেন্ট-২০১৬।’ বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।  শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

 

তিনি বলেন, ‘ প্রথম বিচ কাবাডি, প্রথম বিচ ভলিবল, প্রথম বিচ বডিবিল্ডিংসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট প্রথমবারের মতো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এবারও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচ টেনিস টুর্নামেন্ট। ২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে। আমরা ওয়ালটন গ্রুপ কক্সবাজারে নানা টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারকে প্রমোট করতে চাই। প্রমোট করতে চাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের প্রিয় বাংলাদেশকে।’

 

বিচ টেনিসের নিয়মকানুন একটু ভিন্ন। ভিন্ন র‌্যাকেট ও বল দিয়ে টুর্নামেন্টের খেলাগুলো হয়। তবে বিচ টেনিস প্রতিযোগিতার নিয়ম-কানুন টেনিস প্রতিযোগিতার সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। কোর্টের দৈর্ঘ্য ১৬ মিটার এবং প্রস্থ্য ৪.৫ মিটার ও দ্বৈতে ৮ মিটার। নেট এর উচ্চতা ১.৭ মিটার। সমুদ্র সৈকতের বালুর উপর ফিতা দিয়ে কোর্টের লাইন মার্কিং করা হয় এবং কেবলমাত্র ভলি এর মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়।

 

ওয়ালটন প্রথম বিচ টেনসি টুর্নামেন্টে পুরুষ এককে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রী অমল রায়, আনোয়ার হোসেন, রঞ্জন রাম, দীপু লাল, বিপ্লব রাম, মামুন বেপারী, আখতার হোসেন ও মুনির হোসেন। আর মহিলা এককে খেলছেন আফসানা ইসলাম প্রিতি, শাহ সাফিনা লাক্সমি, আয়েসা সুলতানা, রেবেকা সুলতানা, পপি আক্তার, শ্রাবনী বিশ্বাস জুই, ফাবিহা লামিসা সূচনা ও ইতি আক্তার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইসমাইল নাসের ও সহকারী পুলিশ সুপার মো. রায়হান কাজেমী (ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার জোন)। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সদস্য লুৎফর রহমান ছান্টু, বাংলাদেশ টেনিস ফেডারেশনের কাউন্সিলর দোলোয়ার হোসেন ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।