একুশে ফেব্রুয়ারি বাংলাভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল দিন : রওশন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫১
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বাঙ্গালীর গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বের বাংলাভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল দিন। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী এই দিনটি এখন আর শুধু শোক ও বেদনার দিন নয়।জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার সর্বজনীন উৎসবের দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আত্মত্যাগে ভাষার অধিকার অর্জিত হয়। তবে এর পরই একুশের বহুমাত্রিকতা প্রকাশ পেতে থাকে এবং সে লক্ষপথে বাঙালি জাতি একাত্তরে পৌঁছে যায় বীরদর্পে।
 
বিরোধীদলীয় নেতা আরো বলেন, আত্মত্যাগ আর গৌরবে ভাস্বর মহান শহীদ দিবস। এদিনটি আজ বিশ্ববাসীর জন্য মাতৃভাষাকে সম্মান জানানোর উপলক্ষও বটে। দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামের আত্মদানকারী সকল শহীদদের পবিত্র স্মৃতির প্রতি এবং একই সাথে এদিনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।