ফিজিতে ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড় উইনস্টনের আঘাত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৬
ফিজিতে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় উইনস্টন আঘাত হেনেছে। ঝড়ের ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় বিমান চলাচল বন্ধ করাসহ দেশব্যাপী কারফিউ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেখান থেকে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
 
ক্যাটাগরি পাঁচের ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও ৪০ ফুট উঁচু ঢেউ সৃষ্টি করে। উইনস্টন এখন পর্যন্ত ফিজিতে আঘাত করা ঘূর্ণিঝড়গুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। রবিবার সকাল নাগাদ পশ্চিমদিক অগ্রসর হয়ে ফিজি অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।
 
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আকাপুসি তুইফাগালেলে জানান, ৭৫৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা খুব শক্তিশালী একটি সাইক্লোনকে মোকাবিলা করছি। আমাদের জনগণকে সহায়তা করার জন্য দেশের প্রতিটি স্থানে কর্মকর্তারা শিবির স্থাপন করেছেন এবং যেসব মানুষের বাড়ি ঝুঁকিপূর্ণ, তাদের জন্য আশ্রয় শিবিরগুলো প্রস্তুত রাখা হয়েছে।’ সূত্র: এএফপি, বিবিসি