মার্কিন প্রেসিডেন্ট পদক পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী সাঈফ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২১
এবছর মার্কিন প্রেসিডেন্টের সম্মানসূচক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি তরুণ কম্পিউটার বিজ্ঞানী সাঈফ সালাহউদ্দিন। এ বছরের জন্য নির্বাচিত ১০৫ জনের মধ্যে তিনিই একমাত্র বাংলাদেশি। তবে পুরস্কার প্রদানের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
 
কম্পিউটারের জন্য লো এনার্জির মাইক্রো প্রসেসের তৈরির কাজে বিশেষ অবদানের জন্য তিনি এই ‘প্রেসিডেন্সিয়াল আরলি ক্যারিয়ার এওয়ার্ড ফর সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স-পিকেইস (পিইসিএএসএ)’ এওয়ার্ডে ভূষিত হচ্ছেন।
 
১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ পুরস্কার প্রবর্তন করেন।
 
সাঈফ সালাহউদ্দিন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির সহযোগী অধ্যাপক। ৩৫ থেকে ৪০ বছর বয়স সীমার তরুণ বিজ্ঞানীদের প্রতি বছর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে এ পুরস্কার তুলে দেয়া হবে।
 
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে স্নাতক শেষ করে ২০০৩ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান সাঈফ। ইন্ডিয়ানার পার্ডো ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন তিনি। পরে ২০০৮ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন বার্কলি ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ায়।
 
সাঈফের গ্রামের বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে। তার বামা-মা ও একমাত্র বোন থাকেন ঢাকায়। স্ত্রী তানভীন জামান বার্কলি থেকে মাস্টার্স করেছেন। তাদের দুই ছেলে।