তাসখন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ হাউসে বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কো, জাতিসংঘের সংস্থাসমূহ, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ যৌথভাবে একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এখানে প্রাপ্ত এক বার্তায় জানা যায়, তাসখন্দ অফিসের ইউনেস্কোর প্রতিনিধি মিসেস ক্রিস্তা পিক্কাত সহ অনুষ্ঠানে আগত সব অংশগ্রহণকারীদের বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান স্বাগত জানান। ভারত, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, লাটভিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, মালয়েশিয়া, বেলারুশের রাষ্ট্রদূতদের ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএওডিসি’র প্রধানগণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফিলিস্তিন, আলজেরিয়া, আজারবাইজান, মিশর, চেক প্রজাতন্ত্র, ইতালি, ফ্রান্স, রোমানিয়া, তাজিকিস্তান, জার্মানি ও তুরষ্কের দূতাবাসের প্রতিনিধিগণ এবং উজবেকিস্তানের সাবেক সাংস্কৃতিক মন্ত্রী মিনহাজ উদ্দিন, রাইটার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক নাসির মোহাম্মদ আবৃত্তিতে অংশগ্রহণ করেন।
 
এতে সাংবাদিক, কবি ও উজবেকিস্তানের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাসখন্দে বসবাসকারি বিপুল সংখ্যক বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য ভাষা শহীদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিভিন্ন ভাষায় ৩০টি কবিতা পাঠ করা হয়। জাতীয় টেলিভিশন এবং রেডিও চ্যানেল ও জাতীয় দৈনিকগুলোতে এ খবর গুরুত্ব সহকারে প্রচার করা হয়।
খবর - বাসস।