কম্পিউটার ও কম্পিউটার পণ্যের ভ্যাট প্রত্যাহার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৪৯
কম্পিউটার ও কম্পিউটার পণ্যের ওপর থাকা মূল্য সংযোজন কর প্রত্যাহার করে নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর গত ১৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে ।
ফলে এখন থেকে আর কম্পিউটার পণ্যে কোন আমদানি শুল্ক ও মূসক থাকছে না।এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান শনিবার রাতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “খুচরা পর্যায়ে কম্পিউটার বিক্রির ওপর যে ভ্যাট ধার্য করা হয়েছিল তাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, কম্পিউটার ও কম্পিউটার পণ্য আমদানীর সময় অ্যাডভান্স ট্যাক্স হিসাবে ৪ শতাংশ ভ্যাট দিতে হতো। যা সর্বসাকুল্যে দাঁড়াতো ৬ শতাংশে।“অন্যদিকে খুচরা পর্যায়ে বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছিল এনবিআর।
এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব পণ্যে ভ্যাট আরোপ হবে না তার মধ্যে আছে কম্পিউটার প্রিন্টার, কম্পিউটার প্রিন্টারের জন্য টোনার/ইঙ্কজেট কারট্রিজ ও প্রিন্টারের অন্যান্য যন্ত্রাংশ; কম্পিউটার এবং কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ; মডেম, ইথারনেট কার্ড, নেটওয়ার্ক সুইচ, হাব ও রাউটার; ডেটাবেইজ, অপারেটিং সিস্টেম, ডেভেলপমেন্ট টুলস, অন্যান্য ম্যাগনেটিক মিডিয়া এবং আনরেকর্ডেড অপটিক্যাল মিডিয়া।
আরও আছে অ্যান্টি ভাইরাস ও নিরাপত্তা সফটওয়্যার, ফ্ল্যাশ মেমোরি কার্ড অথবা একইরকম কার্ড, প্রক্সিমিটি কার্ড ও ট্যাগ; ডেটা প্রসেসিং সিস্টেমে ব্যবহৃত কম্পিউটার মনিটর, ২২ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর এবং কম্পিউটার প্রিন্টারের রিবন।