‘অমিতাভের সঙ্গে বন্ধুত্ব সবসময় ছিল’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪১
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক তিক্ত-মধুর হলেও বোঝাপড়া যথেষ্ট ছিল, নিজের জীবনীতে এমনটাই জানালেন এক সময়ের জনপ্রিয় অ্যাকশন  অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, অমিতাভের সঙ্গে মতের অমিল থাকলেও, তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক কখনো নষ্ট হয়নি। 
 
শত্রুঘ্নর জীবনী গ্রন্থ প্রকাশের অনুষ্ঠানে অমিতাভের উপস্থিতিতেই এই কথা বলেন। ৭ বছর ধরে সাক্ষাতকার নেওয়ার পর ভারতী প্রধানের লেখা শত্রুঘ্নের জীবনী গ্রন্থ ‘এনিথিং বাট খামোশ: দ্য শত্রুঘ্ন সিনহা বায়োগ্রাফি’-তে বিভিন্ন বিষয়ের পাশাপাশি উঠে এসেছে তাঁর এবং বিগ বি-র ব্যক্তিগত সম্পর্কের কথা। ‘বোম্বে টু গোয়া’, ‘পরোয়ানা’, ‘দোস্তানা’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে অমিতাভ-শত্রুঘ্নকে। শত্রুঘ্ন জানিয়েছেন, তাঁদের পুরোনো দিনের অভিজ্ঞতার কথা সেই বইতে লিখেছেন তিনি। আমি সেসব পুরোনো কথা না বলতাম, তবে এটা সত্যি জীবনগ্রন্থ হয়ে উঠত না। সেই সময় দুজনেই তরুণ, দুজনেই স্টারডামের পিছনে দৌড়েছেন। এটাই গণতন্ত্র। কিন্তু তাই বলে তিনি যে অমিতাভের বিপক্ষে নন, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন শত্রুঘ্ন। এদিকে শত্রুঘ্নর প্রশংসা করে তিনি বলেন, সিনেমা হলে হাততালি সবসময় নায়কের জন্য বরাদ্দ থাকতো। কিন্তু শত্রুঘ্ন খলনায়ক হিসেবে অভিনয় করার সময়ে মানুষ হাততালি ও প্রশংসা করতো। সে ছিল একমাত্র খলনায়ক যার জন্য মানুষ হাততালি দিত।
 
প্রসঙ্গত, ২০০৭-এ অমিতাভ-শত্রুঘ্ন সম্পর্কে কিছুটা তিক্ততা তৈরি হয়। ছেলে অভিষেকের বিয়েতে শত্রুঘ্নকে নিমন্ত্রণ জানাননি অমিতাভ। পরে শত্রুঘ্নর বাড়িতে মিষ্টির প্যাকেট পাঠিয়েছিলেন অমিতাভ। তা নিতে অস্বীকার করেন শত্রুঘ্ন। জীবনীগ্রন্থ প্রকাশের অনুষ্ঠানে অমিতাভের দরাজ প্রশংসা করেছেন শত্রুঘ্ন। তিনি বলেন, অমিতাভ খুব উচ্চমানের অভিনেতা। শুধু তাই নয়, মানুষ হিসেবেও তিনি অসাধারণ। অনুষ্ঠানে হাজির অমিতাভ বলেন, শত্রুঘ্ন তাঁর থেকে বয়সে ছোট। বড়দের সম্পর্কে কিছু জানাতে চাইলে সে অধিকার তাঁর আছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।