জিম্মি করে নেওয়া মুক্তিপণের টাকা ফেরত দিলেন বন কর্মকর্তা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২০:৩৮

জেলেদের জিম্মি করে আদায়কৃত মুক্তিপণের টাকা ফেরত দিলেন এক বন কর্মকর্তা। বৃহস্পতিবার বিকাল ৪টায়  ভুক্তভোগী জেলে সোহরাবের হাতে মুক্তিপণের ২৮ হাজার টাকা তুলে দেওয়া হয়। 

ঘটনাটি ঘটে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে। যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন পুষ্পকাঠি বন টহল ফাঁড়ির অফিস ইনচার্জ মহসিন আলম।

ঘটনা তদন্তকারী কর্মকর্তা বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসার (এসও) কেএম কবীর উদ্দীনের উপস্থিতিতে জেলে সোহরাবের হাতে টাকা তুলে দেন বন কর্মকর্তা মহসিন। 

গত ৩ মার্চ সুন্দরবনে পুষ্পকাটি এলাকায় মাছ ধরার সময় মহসিন আলমের নেতৃত্বে মুক্তিপণের জন্য ৪ জেলেকে অপহরণ করা হয়। মুক্তিপণের ৫০ হাজার টাকার মধ্যে ২৮ হাজার টাকা পরিশোধ করেন  জেলেরা। এরপর তাদের মুক্তি দেওয়া হয়। তবে বাকি ২২ হাজার টাকার জন্য জেলেদের ব্যবহৃত নৌকা ও জাল আটকে রাখেন মহসিন।

আরো পড়ুন: ‘গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে সংকট বাড়াবে’

এরপর ভুক্তভোগী জেলে সোহরাব প্রতিকার চেয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিক আহম্মেদ বরাবর লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়। বিষয়টি কয়েকটি পত্রিকায় প্রকাশের জের ধরে তোলপাড় সৃষ্টি হয়। উপায়ান্তর না পেয়ে মহসিন আলম মুক্তিপণের ২৮ হাজার টাকা জেলেদের ফেরত দিতে বাধ্য হন। 

তদন্তকারী কর্মকর্তা এসও কেএম কবীর উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২৮ হাজার টাকা জেলেদের ফেরত দেওয়া হয়েছে। মহসিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে। 

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) ঘটনার সত্যতা স্বীকার করেন। খুলনা বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) বশিরুল আল মামুন বলেন, দুর্নীতি পরায়ণ কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন। 

ইত্তেফাক/জেডএইচ