ফরোয়ার্ডরা গোলের সহজ সুযোগ হারানোয় লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার জয়ের ব্যবধান ২-১ এর বেশি হয়নি। তাতে অবশ্য অখুশি নন কোচ লুইস এনরিকে। এমনকি কষ্টে জয় পেলেও বার্সেলোনার খেলায় ছন্দের ঘাটতিও দেখছেন না তিনি।
গত শনিবার রাতে বার্সেলোনার লুইস সুয়ারেজ ও নেইমার একটি করে গোল করেন। সুয়ারেজ একাধিক সুযোগ নষ্টও করেন। কষ্টের জয়ের পর সন্তুষ্টির কথাই জানান এনরিকে, আমি মনে করি না, ছন্দের ঘাটতি ছিল। এটা ছিল কার্যকর পারফরম্যান্স।
ব্যস্ত সূচির প্রসঙ্গ টেনে বার্সেলোনা কোচ আরও বলেন, একটা জিনিসই আমি চাইতে পারি, সেটা হলো, ছেলেরা লড়াই করুক। যা দেখেছি (লাস পালমাস ম্যাচে), আমি খুশি। তবে কিছু বিষয়ে আমরা উন্নতি করতে পারি। ম্যাচের শেষ ১০ মিনিটের আগেই আমরা জয় নিশ্চিত করার সুযোগ পেয়েছিলাম। শেষের দিকে তারাও (লাস পালমাস) সুযোগ পেয়েছিল।
২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে আছে বার্সেলোনা। একটি করে ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট যথাক্রমে ৫৪ ও ৫৩। সামনে থাকা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর ম্যাচ নিয়েও কথা বলেন এনরিকে, কোনো সন্দেহ নেই আর্সেনাল পরিস্থিতি কঠিন করে তুলবে। আমাদেরকে সমস্যায় ফেলার সামর্থ্য তাদের রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচের মতো এটাও কঠিন হবে। এএস স্পোর্টস।
