২৫১ রুপিতে বিক্রি হচ্ছে মোবাইল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল দেশ গড়ার কথা বলছেন সমানে। অথচ সে দেশেরই নানান প্রান্তে মহিলাদের মোবাইল ব্যবহার বন্ধ করতে জারি হচ্ছে ফতোয়া। না মানলেই দেয়া হচ্ছে কঠিন শাস্তি।
দিন দুই আগে খোদ নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের এক গ্রামে অবিবাহিত মহিলাদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার উত্তরপ্রদেশের আলীগড়ের বাসৌলি গ্রামেও একই রকম ফতোয়া দেয়া হয়েছে। সূত্র- হিন্দুস্তান টাইমস।
গ্রাম পঞ্চায়েতের ফতোয়া অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারবে না। যদি কেউ মোবাইল ব্যবহার করে ধরা পড়ে তবে শাস্তি হিসেবে সেই মেয়ে এবং তার পরিবারকে আট দিন ধরে গ্রামের রাস্তা ঝাড়ু দিতে হবে।
তবে শুধুমাত্র মেয়েদের মোবাইল ব্যবহার করা নয়, মদ বিক্রি এবং মদ্যপান নিয়েও একই ধরনের ফতোয়া জারি করা হয়েছে। ধরা পড়লেই শাস্তি, ‘অপরাধীকে’ ঝাড়ু দিতে হবে গ্রামের রাস্তাঘাট।
যদিও আলীগড়ের অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় চৌহানের দাবি, এইভাবে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। কোনও ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
