‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই স্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারো নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে ভাষা শহীদদের স্মরণে প্রজ্জ্বলন করা হয়েছে এক লাখ মঙ্গল প্রদীপ।
স্কয়ারের সহযোগিতায় ভাষা শহীদদের স্মরণে রবিবার সন্ধ্যায় এ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯৭ সাল থেকে নড়াইলে একুশে ফেব্রুয়ারি পালন করছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।
সূর্য়াস্তের সঙ্গে সঙ্গে২১ শের সন্ধ্যায় শুরু হয় এক লাখ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। সে সঙ্গে ভাষা দিবসের ৬৫তম বার্ষিকী উপলক্ষে ৬৫টি ফানুষ উড়ানো হয়। সন্ধ্যা ৬টা ২০মিনিটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই গান পরিবেশনের মধ্য দিয়ে গণ সঙ্গীত ও কবিতা পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল একুশ উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রফেসর মুন্সী হাফিজুর রহমান। এ সময় নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাসসহ নড়াইলের গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
