বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জুডিশিয়াল সার্ভিস সদস্যদের বেতন-ভাতা বিষয়টি অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, জ্যেষ্ঠ জেলা জজদের মূল বেতন ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৯২৫ টাকা থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা। ২০০৯ সালের বেতন স্কেল অনুযায়ী তারা ১৬ হাজার টাকা থেকে ২৫ হাজার ৬০০ টাকা বেতন স্কেল পেতেন।
নতুন বেতন স্কেলে জেলা জজদের মূল বেতন হবে ৭০ হাজার ৯২৫ টাকা থেকে ৭৬ টাকা ৩৫০ টাকা। এটা আগে ছিল ৩৬ হাজার থেকে ৩৯ হাজার ৬০০ টাকা।
অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মূল বেতন হবে ৬২ হাজার ৩৫০ থেকে ৭৫ হাজার ৮৮০ টাকা। এটা আগে ছিল ৩২ হাজার থেকে ৩৭ হাজার টাকা।
যুগ্ম জেলা ও দায়রা জজদের মূল বেতন হবে ৫৪ হাজার ৩৭০ টাকা থেকে ৭৪ হাজার ৪৬০ টাকা। এটা আগে ছিল ২৮ হাজার থেকে ৩৭ হাজার টাকা।
এছাড়া জ্যেষ্ঠ (সিনিয়র) সহকারী জজদের মূল বেতন হবে ৪৪ হাজার ৪৫০ টাকা থেকে ৭২ হাজার ২১০ টাকা। এটা আগে ছিল ২৩ হাজার টাকা থেকে ৩৪ হাজার ২০০ টাকা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিনি বলেন, ২০১৫ সালের ১ জুলাই থেকে এই নতুন বেতন স্কেল কার্যকর হবে।
