ভারতের হরিয়ানা রাজ্যে জাঠ সম্প্রদায়ের সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। রাজ্য সরকারের একজন কর্মকর্তা সোমবার এ কথা জানিয়ে বলেন, পরিস্থিতি এখন অনেকটা শান্ত হয়ে এসেছে।
অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে শুক্রবার জাঠরা বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি সহিংস হয়ে ওঠায় কারফিউ ও দেখা মাত্র গুলির নির্দেশ দেয়া হয় রাজ্যের দুইটি জেলায়। এছাড়াও আরো নয়টি জেলায় পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হয়।
হরিয়ানা রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব পি, কে, দাস জানান, সহিংস বিক্ষোভে ১৯ জন নিহত ও ২শরও বেশি লোক আহত হয়েছে। ভিবানি জেলায় এখনও সংঘর্ষ চলছে। তাই জেলাটিতে কারফিউ বলবত রয়েছে। তবে অন্য জেলাগুলো থেকে কারফিউ তুলে নেয়া হয়েছে।
IMG0
IMG0
পি, কে, দাস আরো জানান, রাজধানী দিল্লির পানি সরবরাহ ক্যানাল থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা পানি সরবরাহ ক্যানালটি ভেঙে দিয়েছে। পানি সংকটের কারণে দিল্লির স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয়ে জাঠ সম্প্রদায়ের কোটা সংরক্ষণের দাবি রোববার রাজ্য সরকার মেনে নেয়ার ঘোষণা দেয়। জাঠদের অভিযোগ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত হওয়া সত্ত্বেও তাদেরকে কাজ পেতে হিমশিম খেতে হয়। সূত্র: এএফপি
