অগ্নিদগ্ধ শরণার্থী শিশু আশাকে হাসপাতাল থেকে একটি সামাজিক আটককেন্দ্রে রাখা হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছিল হাসপাতাল থেকে মুক্তির পর এক বছরের শিশুটিকে নাউরু পাঠানো হবে।
কিন্তু হাসপাতালের ডাক্তাররা জানিয়েছিল আশার জন্য একটি নিরাপদ পারিবারিক পরিবেশ না দেয়া হলে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না।
ডাক্তারদের সমর্থনে হাসপাতালের সামনে সমাবেশ করেছে অনেকে। ধারণা করা হচ্ছে আন্দোলনের চাপেই আশাকে হাসপাতাল থেকে সরাসরি নাউরু না পাঠিয়ে সামাজিক আটককেন্দ্রে রাখা হয়েছে। তবে সরকার জানিয়েছে পুরোপুরি সুস্থ হওয়ার পর আশাকে নাউরুতে পাঠানো হবে।
IMG0
অভিবাসন মন্ত্রী পিটার ডাটন বলেছেন আমরা মানবপাচারকারীদের এমন কোনো বার্তা দিতে চাই না যাতে তারা ধারণা করে অস্ট্রেলিয়ার হাসপাতালে চিকিত্সা নিতে পারলে অভিবাসীদের সেখানে থাকার অনুমতি দেয়া হবে।
এ মাসের শুরুর দিকে অভিবাসন নীতিকে সংবিধান পরিপন্থি নয় বলে রায় দেয় অস্ট্রেলিয়ার হাইকোর্ট। ফলে অভিবাসন প্রত্যাশী ৩৭ শিশুসহ ২৬৭ জনকে অস্ট্রেলিয়া থেকে নাওরু পাঠানোর পথ পরিষ্কার হয়ে যায়।
বাবা মায়ের সাথে নাওরুর আটককেন্দ্রে মারাত্মতভাবে অগ্নিদগ্ধ হয় আশা। এরপর চিকিত্সার জন্য ব্রিসবেনের লেডি সিলেনটো হাসপাতালে আনা হয় তাকে। সূত্র: বিবিসি
