মিশিগান হামলায় জড়িত সন্দেহভাজন ট্যাক্সিচালক আটক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৫

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের মিশিগান রাজ্যের কালামাজো নগরীতে নির্বিচারে গুলিবর্ষণে ছয় জন নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন এক ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে। অনলাইন ট্যাক্সি কোম্পানি উবারের এক চালককে শনিবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।

তার নাম জেসন ব্রায়ান ডেলটন (৪৫)। শনিবার সন্ধ্যায় তিনটি স্থানে হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। হামলায় ১৪ বছরের শিশুসহ দুই জনের অবস্থা এখনও গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উবার কোম্পানি তার গ্রেফতারের খবর নিশ্চিত করে বলেছে, অতীতে তার সম্পর্কে খোঁজ খবর নেয়া হয়েছিল এবং তার নামে কোন অপরাধের রেকর্ড ছিল না।

উবারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভান বলেন, তার ব্যাপারে যেকোনো ধরণের তদন্তে আমাদের সাধ্য অনুযায়ী পুলিশকে সহায়তা করার কথা বলা হয়েছে। পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে ডেলটনকে গ্রেফতার করা হয়। কালামাজো নগরীর তিনটি স্থানে তিনি গুলি চালান বলে ধারণা করা হচ্ছে। গুলিতে ছয় জন নিহত ও দুই জন আহত হয়।

জানা গেছে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে গুলিতে এক নারী গুরুতর আহত হন। এছাড়া একটা গাড়ির দোকানে গুলিতে দুই জন এবং একটি চেইন রেস্টুরেন্টে আরো চার জন গুলিতে নিহত হন। রেস্টুরেন্টে গুলিতে এক কিশোরিও গুরুতর আহত হয়েছে। কালামাজো কাউন্টির প্রসিকিউটর জেফ গেটিং বলেন, সোমবার ডেলটনের বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগ আনা হবে। তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনায় এক জনের বেশি লোক জড়িত ছিল এমনটি বিশ্বাস করার কোন কারণ নেই। এএফপি।