শিক্ষার্থীদের সুশিক্ষিত করে মানবকল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৪
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, শিক্ষা ব্যবস্থা গতানুগতিক শিক্ষা দিয়ে শুধু সার্টিফিকেট প্রদান করা নয়; বরং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটিয়ে সুশিক্ষিত করা। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে মানবকল্যাণে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, শিক্ষা আর অভিজ্ঞতার সমন্বয়ে জীবনের পরিপূর্ণতা আসে। তাই বর্তমান সরকার একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতীয় শিক্ষা নীতি প্রনয়ণ করেছে।
 
সোমবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বৎসর পূর্তি উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
 
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন নিন্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অচিরেই মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। আমরা এখন খাদ্য স্বয়ং সম্পূর্ণ একটি দেশ। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তিতে ব্যাপক সাফল্যে অর্জন করেছে। স্থল সীমানা চুক্তি, সমুদ্র বিজয়ের মধ্যে দিয়ে দেশের দ্বিগুণ ভূখণ্ড লাভ করে। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।
 
রাষ্ট্রপতি আরো বলেন, আশেক মাহমুদ কলেজ থেকে বহু কৃতি শিক্ষার্থী শিক্ষা অর্জন করে আজ তারা বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ্য কর্মকর্তা, এমনকি সরকারের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত আছেন। আগামী দিনগুলোতে যেন দেশ বরণ্য জ্ঞানী, গুণী, শিক্ষার্থীর বের হয়ে আসতে পারে তার প্রত্যাশা করছি।
 
রাষ্ট্রপতি অনুষ্ঠান শেষে তিনি জামালপুর থেকে সরিষাবাড়ি উপজেলার এক নিকট আত্মীয়র বাড়ি যাবেন। সেখান থেকে সন্ধ্যায় ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে রাত্রি যাপন করে পর দিন মঙ্গলবার কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরবেন।
 
বর্ষপুর্তি উদযাপন কমিটির সভাপতি ও বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম হীরা এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন। স্বাগতিক বক্তব্য রাখেন উদযাপন কমিটির কো-চেয়ারম্যান প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ বাকি বিল্ল্যাহ, ফারুক আহম্মেদ চৌধুরী, পৌর মেয়র মীর্জা সাখাওয়াততুল আলম মণি, কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রমুখ।