জাঠ বিদ্রোহে দিল্লির এক কোটি মানুষ পানি সংকটে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৬
ভারতের সরকারি চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভকারী জাঠরা রাজধানী দিল্লিতে পানি সরবরাহের খালটির ক্ষতিসাধন করার ফলে এখন পানির সংকটে পড়েছে দিল্লির এক কোটি বাসিন্দা। দিল্লির মোট পানির তিন-পঞ্চমাংশই আসে মুনাক খাল দিয়ে এবং সোমবার সেনাবাহিনী ওই খালটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। 
 
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন আজ সন্ধ্যের মধ্যেই পানি সরবরাহ আবার শুরু করা যাবে। শহরের বিভিন্ন জায়গায় জরুরি পানি সরবরাহের জন্য ট্যাংকার বসানো হয়েছে। পানি সংকটের জন্য দিল্লির সব স্কুলও বন্ধ করে দেয়া দেয়া হয়েছে। তবে দিল্লির পশ্চিমদিকে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এখনো বিক্ষোভকারীরা অবরোধ করে রেখেছে, ফলে ওই রাস্তার দিয়ে কোন যানবাহন চলতে পারছে না। বেশ কিছুদিন ধরে চলতে থাকা এই সহিংস বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছে।
 
IMG0
 
জাঠ নেতারা দাবি করছেন, ভারতে সুবিধা বঞ্চিত সম্প্রদায়গুলোর জন্য শিক্ষা ও সরকারি চাকরির যে কোটা সংরক্ষণের ব্যবস্থা আছে, তাতে জাঠদেরও অন্তর্ভুক্ত করতে হবে। বিক্ষিপ্ত সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা এখনও ঘটছে। তবে কর্তৃপক্ষ কিছু জায়গা থেকে কারফিউ তুলে নিয়েছে।
 
এর মধ্যে ভারতের সুপ্রিম কোর্টে দিল্লির রাজ্য সরকার এক আবেদন করে এই সংকটে জাতীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রার্থনা করে। কিন্তু উচ্চ আদালত শুনানির সময় এর সমালোচনা করে বলেছে, এই সংকটের সমাধান করার জন্য তাদের আদালতে না এসে বরং হরিয়ানা রাজ্যের কর্মকর্তাদের সাথে কথা বলা উচিত ছিল। বিবিসি।