এবার অ্যাপলের পাশে ফেসবুক ও টুইটার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০১
এফবিআই-কে সহায়তার আদেশের বিরোধিতায় আইফোন নির্মাণকারী প্রতিষ্ঠান  অ্যাপলকে সমর্থন দিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটার।
 
সম্প্রতি তদন্তের স্বার্থে এফবিআই-কে সহায়তা করার জন্য অ্যাপল-কে নির্দেশ দেয় মার্কিন এক আদালত। ফেব্রুয়ারির ১৬ তারিখ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আদালতের এক বিচারক জানান, স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের মূল হোতা সৈয়দ রিজোয়ান ফারুক-এর আইফোনের এনক্রিপশন ভাঙতে আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে।
 
আপত্তি থাকলে তা জানানোর জন্য ৫দিন সময়ও দেওয়া হয়েছিল অ্যাপলকে। তবে নিজ সিদ্ধান্ত জানাতে ৫ দিন সময়ও নেয়নি অ্যাপল। একদিন পরেই ১৭ ফেব্রুয়ারি নিজ সিদ্ধান্তে অ্যাপল জানিয়ে দিয়েছে, এই কাজে আইনপ্রয়োগকারীদের সহায়তা করবে না তারা।
 
গ্রাহকদের উদ্দেশ্যে এক চিঠিতে অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, আইফোনের একটি ব্যাকডোর’ বানাতে আমাদেরকে অনুরোধ করেছে এফবিআই। সরকার অ্যাপলকে তাদেরই গ্রাহকদের হ্যাক করতে আর কয়েক দশক ধরে আমাদের গ্রাহকদের সুরক্ষায় ব্যবহৃত উন্নত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার আহ্বান জানিয়েছে।
 
এই গ্রাহকরা তখন উচ্চ মানের হ্যাকার থেকে শুরু করে সাইবার অপরাধীদের সামনে অসহায় হয়ে পরবেন এবং এমন কোটি কোটি মার্কিন নাগরিক রয়েছেন। কোনো আমেরিকান প্রতিষ্ঠানকে তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করে তাদের বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিতে চাপ দেওয়া হয়েছে, এর আগে আমরা এমন কোনো নজির খুঁজে পাইনি।
 
অনেকটা টিম কুকের কথাই বলেছে ফেসবুক ও টুইটার। এক টুইটবার্তায় টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডর্সি জানান তিনি টিম কুক ও অ্যাপলের সঙ্গে রয়েছেন। এসময় টিমের নেতৃত্বের জন্য ধন্যবাদও জানান তিনি।
 
অন্যদিকে স্ট্যাটাসের মাধ্যমে একই ঘোষণা দেয় ফেসবুক। তারা জানায়, প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে তাদের লড়াই অব্যাহত থাকবে।
 
এর আগে অ্যাপলকে সমর্থন জানিয়েছিল গুগল। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক টুইটবার্তার মাধ্যমে অ্যাপলকে সমর্থন জানিয়েছিলেন।