উ. কোরিয়ার শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৪
শান্তি চুক্তি করতে উত্তর কোরিয়ার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং থেকে এমন প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে হোয়াইট হাউস জানিয়েছে, পারমাণবিক অস্ত্র কমানোর ব্যাপারে উত্তর কোরিয়া অনমনীয় থাকায় প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল।
 
ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করতে আলোচনার ব্যাপারে গোপনে সম্মতি দিয়েছিল ওবামা প্রশাসন। এ বছরের শুরুতে এমন সম্মতির কিছুদিন পরই উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালালে প্রস্তাব থেকে পিছিয়ে আসে ওয়াশিংটন।
 
উল্লেখ্য, ১৯৫০ থেকে ১৯৫৩ সালের মধ্যে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হলেও এখনো এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়নি। সেই অর্থে দেশ দুটির মধ্যে শুধুমাত্র যুদ্ধবিরতি চলছে এখন। সূত্র: এএফপি