আরেকটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে রাধিকা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০১
‘অহল্যা’র পর আরেকটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে দেখা যাবে রাধিকা আপ্তেকে। ‘কৃতী’ নামের এই ছবিতে মনোজ বাজপেয়ীর সঙ্গে জুটি বাঁধছেন এই নায়িকা।
 
শ্রীশ কুন্দের ছবিটি পরিচালনা করবেন। ১৫ মিনিটের এই সাইকোলজিক্যাল থ্রিলারে রয়েছেন নেহা শর্মাও।
 
২০০৬ সালে ‘জান এ মান’ দিয়ে পরিচালনায় এসেছিলেন শ্রীশ। সম্পাদক হিসেবে কাজ করেছেন ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’ ছবিতে।
 
শ্রীশের মতে, পূর্ণ দৈর্ঘ্যের ছবি বানাতে সময়ও বেশি লাগে। মুক্তি পেতেও দেরি হয়। সেই তুলনায় শর্ট ফিল্মে স্বল্প পরিসরে আকর্ষক গল্প বলা যায়।
 
রাধিকা এবং মনোজ এর আগে বেশ কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করায় তাদের নিয়ে কাজ করাটা সহজ হবে বলেও জানিয়েছেন পরিচালক। আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে ‘কৃতী’।
 
এর আগে সুজয় ঘোষের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘অহল্যা’য় অভিনয় করে প্রশংসিত হন রাধিকা। রামায়ণের গৌতম মুনি, অহল্যা ও ইন্দ্রর কাহিনী অবলম্বনে সাজানো হয় ‘অহল্যা’র গল্প। তবে রামায়ণে ইন্দ্রের সঙ্গে সহবাসে শাস্তি পেতে হয়েছিল অহল্যাকে। ‘অহল্যা’য় শাস্তি পায় ইন্দ্র। এতে শিল্পী গৌতম সাধুর চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় আর পুলিস কর্মকর্তা ইন্দ্র সেনের ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী।