ভারতের রাজধানী দিল্লিতে পানির যোগানের মূল খালটিতে মেরামত কাজ শুরু হবার পর সকালে আংশিকভাবে পানির সরবরাহ শুরু হয়েছে। পানির সংকটের কারণে শহরের বন্ধ স্কুলগুলোও খুলে দেওয়া হয়েছে। হরিয়ানায় জাঠ সম্প্রদায়ের আন্দোলনকারীরা রাজধানীতে পানি সরবরাহে বিঘ্ন ঘটালে শহরের অন্তত এক কোটি মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ে।
দিল্লির পানিমন্ত্রী কপিল মিশ্র জানিয়েছেন, সংকট এখনো কাটেনি এবং সতর্কভাবে পানি ব্যবহারের জন্য নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে।
দেশটিতে সরকারি চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভকারী জাঠরা রাজধানী দিল্লির মোট পানির তিন-পঞ্চমাংশ সরবরাহকারী মুনাক খালটির ক্ষতিসাধন করার পর পানির সংকটে পড়ে রাজধানীর বাসিন্দারা। দিল্লিতে মোট ২ কোটি ৬০ লাখ মানুষ বসবাস করে থাকেন।
সোমবার ক্ষতিগ্রস্ত খালটির নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী মেরামত কাজ শুরু করে। কিন্তু কাজ শেষ হতে সময় লাগবে। শহরের বিভিন্ন জায়গায় জরুরি পানি সরবরাহের জন্য ট্যাংকার বসানো হয়েছে।
এদিন সকালে পানিমন্ত্রী তার টুইট বার্তায় বলেন, খালটি থেকে সামান্য কিছু পানির সরবরাহ নিশ্চিত করা গেছে। এতে করে রাজধানীর উত্তর ও মধ্যাঞ্চলে আংশিকভাবে পানির যোগান দেওয়া হচ্ছে। এছাড়া ৭০ টির বেশি পানির যে ট্যাংকারগুলো নামানো হয়েছিলো সেগুলো পশ্চিমাঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: বিবিসি
