নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশাল মহানগর জামায়াতের আমিরসহ ২২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
মঙ্গলবার কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) একেএম মতিয়ার রহমান অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও এসআই আশীষ পাল। চার্জশিটে অভিযুক্তরা হলেন, মহানগর জামায়াতের আমীর মোয়াযেম হোসেন হেলাল, নায়েবে আমীর বজলুর রহমান বাচ্চু, মহানগর জামায়াতের সেক্রেটারি জহিরুদ্দিন মো. বাবর, সহকারী সেক্রেটারি মতিউর রহমান, সদস্য মতিউর রহমান, মিজানুর রহমান, আব্দুর রউফ, জয়নুল আবেদিন, আবুল কাশেম, আবুল কালাম, শাহজাহান সিরাজ, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন নেসারী, রাসেল লস্কর, শাহালম হাওলাদার, শামীম কবির, আব্দুস ছত্তার, মোয়াজ্জেম হোসেন হাওলাদার।
১৫ আগস্ট শোক দিবস বানচাল, বৈরিতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে সরকারের ভাবমূর্তি খুণ্ন করা ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ব্যহত করতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল আসামিরা। তাদের গোপন বৈঠক চলাকালে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ২০১৪ সালের ১৪ আগস্ট রাতে নগরীর দক্ষিণ আলেকান্দার ডা. মাজেদ আলীর ডাইরেক্টর কোয়ার্টার ভবনে অভিযান চালায়। এ সময় জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করা হয়। জব্দ করা হয় ২১টি মোবাইল ফোনসেট ও বিপুল পরিমাণ নগদ টাকা। এ ঘটনায় ৩১ আগস্ট মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওসি মতিয়ার রহমান চার্জশিট দাখিল করেন।
