চুয়াডাঙ্গার সাতগাড়িতে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষ ৮/৯টি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। ভাংচুর করা হয় কয়েকটি ঘরবাড়ি।
অপ্রত্যাশিত ও অনাকাংক্ষিত এই ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার প্রায় সাড়ে রাত ৯টা দিকে। পরিস্থিতি নিয়ণন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরকেও ঘটনাস্থলে টহল দিতে দেখা গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রকাশ, এই ঘটনার আগের দিন গত সোমবার রাত ১০ টার দিকে পৌর চুয়াডাঙ্গা শহরতলীর সাতগাড়ি মহল্লায় ছাত্রলীগ নেতা খালিদ গ্রুপের লোকজন নব-নির্বাচিত পৌর মেয়র জিপু গ্রুপের সজল নামে এক ছাত্রলীগ কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। জিপু গ্রুপের সজলকে কুপিয়ে জখম করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাতে ওই সাতগাড়ি মহল্লায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার দিনগত মধ্যরাতে এই রিপোর্ট লেখার সময় চুয়াডাঙ্গা শহরতলীর উল্লেখিত সাতগাড়ি মহল্লায় চরম আতংক বিরাজ করছিল।
যোগাযোগ করলে, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলের অংশ হিসাবে বিজিবিও ঘটনাস্থলে রয়েছে।
