কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপকে ‘ডিজিটাল মহেশখালী’তে রূপান্তর করতে কোরিয়ান টেলিকম এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক করেছে বাংলাদেশ। স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের বার্সেলোনা শহরে চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৬-তে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
জুনাইদ আহমেদ পলক ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুরো দেশকে মূলধারার উন্নয়ন এজেন্ডার সঙ্গে যুক্ত করার মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা করছে সরকার। কক্সবাজারের মহেশখালী দ্বীপে অবকাঠামো গড়ে তোলাটা অনেক কঠিন ছিল। এখানে কোনো বাণিজ্যিক কর্মকান্ড না থাকায় যেকোনো অর্থনীতির জন্য পৌছানো কঠিন ছিল। এই প্রজেক্ট বাস্তবায়নের পরে মহেশখালী বাস্তবিক একটি দ্বীপ থাকলেও তথ্যপ্রযুক্তির সুযোগে মূল ভূখণ্ডের অংশই হয়ে যাবে। ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে দ্বীপের প্রান্তিক মানুষদের তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে। কোরিয়া টেলিকম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অন মাইগ্রেশন ও বাংলাদেশ সরকার এই তিন পক্ষের উদ্যোগে এই প্রজেক্ট বাস্তবায়নের পরে এটি বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।
