গান অনুরাগীদের ফোন ভাইব কে৬ প্লাসে ডলবি অ্যাটম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৫
‘কে’ সিরিজের স্মার্টফোন দিয়ে বিকাশমান মোবাইল বাজারে বেশ সুনাম কামিয়েছে লেনোভো। এই সিরিজকে আরও জনপ্রিয় করে তুলতে নতুন একটি ফোন আনার ঘোষণা দিয়েছে এই চীনা প্রতিষ্ঠানটি।
 
ভাইব কে৬ প্লাস নামের এই ফোনে ডলবি অ্যাটম অডিও থাকবে। স্মার্টফোনে যারা গান শুনতে ভালোবাসেন মূলত তাদের জন্য আনা হচ্ছে এই ফোন।
 
কে সিরিজের অন্যান্য ফোনগুলোর মতো কনফিগারেশনের তুলনায় কম দামে পাওয়া যাবে এই ফোন।
 
স্পেনের বার্সেলোনায় চলছে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১৬’। স্মার্টফোনের এই মহোৎসবে ফোনটি আনার ঘোষণা দিয়েছে লেনোভো কর্তৃপক্ষ।
 
সংশ্লিষ্টরা জানায়, এলজি জি৫ বা এইচটিসি ওয়ান এম৯-এর মতো দামি স্মার্টফোনে যে ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম রয়েছে সেটাই জুড়ে দেয়া হয়েছে ভাইব কে৬ প্লাসে।
 
কে৬ প্লাসে ১৯২০x১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চির ফুল-এইচডি  ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ অক্টাকোর ব্যবহার করা হয়েছে। ৩ জিবি র‍্যামের এই ফোনে ১৬ জিবির ইন্টারনাল মেমোরি থাকবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে আরও অনেক বাড়ানো যাবে। এতে ২৭৫০ এমএএইচ রিমুভেবল ব্যাটারিও থাকছে।
 
১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরায় থাকছে এলইডি ফ্লাশ। অন্যদিকে অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
 
গোল্ডেন এবং সিলভার—দুই রঙে আগামী মাস থেকে পাওয়া যাবে লেনোভো ভাইব কে৬ প্লাস। প্রাথমিকভাবে দাম নির্ধারণ করা হয়েছে ১৪৯ ডলার।