২৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৬’ শুরু হতে যাচ্ছে।
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ৫ দিনব্যাপী এ টুর্নামেন্ট ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১ মার্চ পর্যন্ত। এ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় রয়েছে ‘প্রাণ ক্র্যাকো’।
টুর্নামেন্ট উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টিং ক্লাবের সভাপতি তানজিরুল ইসলাম ও এর সঞ্চালক এএসএম আসিফ, প্রাণ ফুডসের হেড অফ মার্কেটিং আলী হাসান আলম ও ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন।
সংবাদ সম্মেলনে আলী হাসান বলেন, ব্যাডমিন্টন খেলাকে আরো জনপ্রিয় করতে আমরা এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। প্রাণ ক্র্যাকোর লক্ষ্য তরুণদের সঙ্গে কাজ করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা। ভবিষ্যতে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সঙ্গে বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করার আশা প্রকাশ করেন তিনি।
আগামী ২৫ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ারার মোশাররফ হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও ভিসি অধ্যাপক এমএম শহীদুল হাসান উপস্থিত থাকবেন।উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় গায়ক তাহসান সঙ্গীত পরিবেশন করবেন।
