সৌরবিদ্যুতে চলছে পাকিস্তানের পার্লামেন্ট ভবন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৪
 
পাকিস্তানের পার্লামেন্ট ভবনে বিদ্যুতের চাহিদা সম্পূর্ণভাবে সৌর বিদ্যুতের মাধ্যমে পূরণ করা হচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম পরিবেশবান্ধব বিদ্যুৎ দিয়ে পার্লামেন্ট চালানোর কৃতিত্ব লাভ করল দেশটি।
 
চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পার্লামেন্ট ভবনে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু হয়েছে। রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মঙ্গলবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সৌরশক্তি প্ল্যান্টের উদ্বোধন করেন।
 
পার্লামেন্ট ভবনকে সম্পূর্ণরূপে সৌরবিদ্যুতে চালানোর পরিকল্পনা নেয়া হয় ২০১৪ সালে। প্রকল্পের জন্য পাকিস্তানকে ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্য দিয়েছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতবছর পাকিস্তান সফরের সময় এ প্রকল্পের উদ্বোধন করেন।
 
সৌরবিদ্যুৎ কেন্দ্রটি থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন সম্ভব বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার আইয়াজ সাদিক। তিনি বলেন, পার্লামেন্ট ভবনের জন্য ৬২ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। বাকিটা জাতীয় গ্রিডে যুক্ত হবে।