কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো ও বিপ্লবী আইকন ফিদেল ক্যাস্ট্রোর বড় ভাই র্যামন ক্যাস্ট্রো আর নেই। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি পেশায় কৃষক ছিলেন। ১৯৫৯ সালে বিপ্লবের পর তিনি কৃষি নীতি করার ক্ষেত্রে প্রভাব রাখেন। তবে তিনি সরকারের কোন সদস্য ছিলেন না। সংবাদ সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই মৃত্যুর খবর জানিয়েছে।
এক সংবাদ ঘোষক জানান, বুধবার সকালে রাজধানীতে কমরেড র্যামন ক্যাস্ট্রো রুজ ৯১ বছর বয়সে পরলোকগমন করেন। তবে তিনি তার মৃত্যুর কারণ উল্লেখ করেননি। র্যামন পূর্বাঞ্চলের হলজুইন প্রদেশের কৃষি প্রধান গ্রাম বিরানে জন্মগ্রহণ করেন। তিনি স্প্যানিশ অভিবাসী অ্যাঞ্জেল ক্যাস্ট্রো ও কিউবার বংশোদ্ভূত লিনা রুজের সাত সন্তানের মধ্যে দ্বিতীয়। যখন তার অন্যান্য ভাইয়েরা বিপ্লবী কর্মকান্ড ও রাজনীতিতে জড়িয়ে পড়েন, তখন তিনি পারিবারিক খামার দেখাশুনা করেন।
