গাবতলী থানায় হামলা : বিএনপি-জামায়াতের ১৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২১
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন বগুড়ার গাবতলী মডেল থানায় হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ১৪৯ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে বগুড়ার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
 
বুধবার  দুপুরে গাবতলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা এই অভিযোগপত্র দাখিল করেন।
 
অভিযোগপত্রে  গাবতলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন, বর্তমান পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,  বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনসহ  বিএনপি জামায়াতের ১৪৯ জনকে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে । 
 
বগুড়ার আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর)  শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তরা নির্বাচনের দিন সকালে থানায় হামলা চালায়। এ সময় তারা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। মামলার পরবর্তী ধার্য্য তারিখে আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে ।